উপসাগরীয় অঞ্চলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানকে অনুরোধ জানিয়েছে সরকার।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান গতকাল সোমবার তুরস্কে আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করেন এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান। বিষয়টি নিয়ে দুই দেশ যোগাযোগ অব্যাহত রাখতেও সম্মত হয়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য ছয় দেশের মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ইরানকে ধন্যবাদ জানান।
বৈঠকে তারা উপসাগরীয় অঞ্চলের পরিবর্তনশীল পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় করেন। চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা খলিলুর রহমান পুনর্ব্যক্ত করেন। তিনি এ বিষয়ে সব পক্ষকে সংযম প্রদর্শন এবং সংলাপ ও কূটনৈতিক উপায়ে মতবিরোধ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই গঠনমূলক অবস্থানের প্রশংসা করেন।
