শ্রীপুরে স্কুলকেন্দ্রিক ঘটনায় বিএনপির ৬ নেতা-কর্মী আজীবন বহিষ্কার

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পিএম

গাজীপুরের শ্রীপুরে এক শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বাধা ও শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় বিএনপির ৬ নেতা কর্মীকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) শ্রীপুর উপজেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ এপ্রিল ‘বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়’-এর একটি বিদায় অনুষ্ঠানে অভিযুক্ত ব্যক্তিরা এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটান এবং শিক্ষকদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন। উক্ত ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়। প্রাথমিক তদন্ত ও তথ্য-প্রমাণের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

বহিষ্কৃতরা হলেন- মো. সারোয়ার আউয়াল (সাবেক সাধারণ সম্পাদক), আ. মান্নান মাস্টার (সাবেক সাংগঠনিক সম্পাদক), মো. হাসমত আলী হাসু (সাবেক যুগ্ম সম্পাদক), মো. আরমান আলী (সদস্য), মো. মাহবুব আলম (সদস্য), মো. রফিকুল ইসলাম (সদস্য) তারা ইউনিয়নের বিভিন্ন সময় দলীয় পদে দায়িত্ব পালন করেন। 

শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মোতালেব এবং সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্রের আলোকে তাদের ২নং গাজীপুর ইউনিয়নের সকল পদসহ বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। 

শ্রীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদ বলেন, তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্ত হয়েছে। সেই প্রেক্ষিতে প্রাপ্ত তথ্যপ্রমাণের আলোকে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। তারা চরম অপরাধ করেছে তাই দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত