ফরিদপুরের চরভদ্রাসনে চার পুলিশ সদস্যকে পিটিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা কবির খানকে (৪৫) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকার দোহার উপজেলা হরিচন্ডি গ্রাম থেকে ঘটনার প্রায় ৩০ ঘণ্টা পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে মঙ্গলবার সকালে চরভদ্রাসনের চর সালেপুর মুন্সিরচর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ সময় চার পুলিশ সদস্য আহত হন বলে জানা যায়।
কবির খান চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এলাকায় তিনি ‘ভূমিদস্যু’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে স্থানীয় থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ আগের দুটি মামলা রয়েছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক খানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশের সহায়তায় বুধবার দুপুরে হরিচন্ডি গ্রামে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা এনামুল হক খান বলেন, কবির খানের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে আগেই দুটি মামলা ছিল। পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় উপপরিদর্শক (এসআই) মো. রফিকুজ্জামান বাদী হয়ে আরও একটি মামলা করেছেন। নতুন মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এসআই রফিকুজ্জামান বলেন, কবির খান এলাকায় ‘ভূমিদস্যু’ হিসেবে পরিচিত এবং তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা। গ্রেপ্তারের পর তাকে থানায় রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
‘গুপ্ত’ নিয়ে সংসদে উত্তেজনা, হইচই