মাদারীপুর সদর উপজেলায় ধার নেওয়া টাকা ফেরত সংক্রান্ত বিরোধের জেরে শান্ত সরদার (২৪) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকার ভেড়া টুইন্নার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত শান্ত সরদার পূর্ব রাস্তি গ্রামের বাসিন্দা এবং হযরত আলী সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত সরদার পূর্বে আকাশ নামের এক ব্যক্তির কাছ থেকে আনুমানিক ২ হাজার ৫০০ টাকা ধার নিয়েছিলেন। ওই টাকা ফেরত দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়।
অভিযোগ রয়েছে, মীমাংসার পরও পূর্বপরিকল্পিতভাবে বুধবার রাতে শান্ত সরদার টাকা পরিশোধ করতে যাওয়ার পথে আকাশ, আরিফ, মেহেদীসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন তার পথরোধ করে। এ সময় তারা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায় এবং হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি হাসপাতাল ত্যাগ করেন।
হাসপাতাল পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক জানান, আহত অবস্থায় শান্ত সরদারকে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি থানাকে অবগত করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
