চলতি বোরো মৌসুম থেকে সরকার ১৮ লাখ মেট্রিক টন ধান, চাল ও গম কেনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩ মে থেকে এই ক্রয় কার্যক্রম শুরু হবে। গতকাল বুধবার বুধবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এবার এফপিএমসি সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভা শেষে তথ্য অধিদপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১৮ লাখ টনের মধ্যে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সেদ্ধ চাল এবং ১ লাখ টন আতপ চাল কিনবে সরকার। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। এছাড়া সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম কেনা হবে ৩৬ টাকা কেজি দরে। গত বছরের বোরো মৌসুমেও সরকার একই দামে ধান ও চাল কিনেছিল।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান ও গম সংগ্রহ করা হবে। চাল সংগ্রহ করা হবে ১৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত। বোরো মৌসুমে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল কেনা হবে। পাশাপাশি এবার ৫০ হাজার টন গম কেনা হবে।
তিনি বলেন, দেশে এখন পর্যাপ্ত চালের মজুদ রয়েছে। এখন সরকারি গুদামে ১৭-১৮ লাখ টন চাল মজুদ আছে।
জানা গেছে, প্রতি বছর বোরো মৌসুম থেকে ধান ও চাল কিনে সরকারের মজুদ বাড়ায়, যা সারা বছরের বিভিন্ন কর্মসূচিতে বিতরণ এবং খোলাবাজারে কম দামে বিক্রয় কার্যক্রম পরিচালনায় ব্যবহার হয়। এই মৌসমে ২ কোটি টনের বেশি চালের সরবরাহ আসে যা সারা বছরের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখে।