সদ্য প্রয়াত বাণিজ্য সচিবের স্মরণসভা অনুষ্ঠিত

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪৬ এএম

বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা তার পেশাদারিত্ব, সততা ও মানবিক গুণাবলির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর মাহবুবুর রহমান ছিলেন আমার প্রথম দিকের একজন ঘনিষ্ঠ সহকর্মী, যার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল অত্যন্ত ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক। স্মরণসভা শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্ত্রী বলেন, আমাদের দেশে প্রচলিত একটি ধারণা আছে যে মন্ত্রী ও আমলাদের মধ্যে মতপার্থক্য থাকে। কিন্তু মাহবুবুর রহমানের সঙ্গে কাজ করতে গিয়ে আমি সবসময় আন্তরিক সহযোগিতা পেয়েছি। তিনি কখনো নেতিবাচক মনোভাব পোষণ করতেন না, বরং সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন। স্মরণসভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এএইচএম আহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার, সাবেক সচিব মাহবুবুর রহমানের সহধর্মিণী ফারহানা আলম এবং বড় ভাই লুৎফর রহমান স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত