বগুড়ার শাজাহানপুর উপজেলায় দিনদুপুরে রকি (২৫) নামে এক যুবককে পূর্বশত্রুতার জেরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার বনানী গাক চক্ষু হাসপাতালের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রকি (২৫) শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকার বেলাল হোসেনের ছেলে।
শাজাহানপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে বনানী গ্যাক চক্ষু হাসপাতালের বিপরীত পাশে রকিকে একা পেয়ে ধারালো অস্ত্রে সজ্জিত দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় তারা রকির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই রকির মৃত্যু হয়।
খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আশিক ইকবাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলেও তিনি জানান।