শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে সরকার একযোগে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম (রনি) জানান, বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হয়।
শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্র একসঙ্গে কাজ করার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সেক্রেটারি জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বিশ্বসাহিত্য কেন্দ্র এবং শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বই পড়ার কর্মসূচি কীভাবে সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে বিস্তৃত করা যায়, সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, ডা. জাহেদ উর রহমান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এর আগে ৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ওই সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়ার কর্মসূচির সঙ্গে সরকার সম্মিলিতভাবে কাজ করার বিষয় নিয়ে আলোচনা হয়।
