পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৯০%

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ এএম

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা

পর্যন্ত। দেশটির নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম ধাপে রেকর্ড ৯০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন; যা ২০১১ সালের ভোটের হারকে ছাড়িয়ে গেছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে;সেখানকার ৯৩.১২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। পশ্চিমবঙ্গের এবারের বিধানসভার নির্বাচন দুই ধাপে হচ্ছে। রাজ্যটির ২৯৪টি আসনের মধ্যে প্রথম দফায় ভোট হয়েছে ১৫২টি আসনে; যার মধ্যে ৮০টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। এই আসনগুলোয় মোট ভোটার সংখ্যা সাড়ে তিন কোটিরও বেশি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বিক্ষিপ্তভাবে কিছু সংঘর্ষের ঘটনা ঘটলেও প্রথম ধাপের ভোটগ্রহণ শান্তিপূর্ণই ছিল। উত্তর দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তিনি জানান, একাধিক ভোটকেন্দ্র থেকে বিজেপির নির্বাচনী এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়। পরিস্থিতি দেখতে গিয়ে ২৪ নম্বর বুথে গেলে তাকে ধাওয়া করে হেনস্তা করা হয়। একই ধরনের অভিযোগ উঠেছে আসানসোল দক্ষিণে। সেখানে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে ভাঙচুরের অভিযোগ করা হয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বার্নপুরের রহমতনগরে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি থানায় অভিযোগও দায়ের করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন দক্ষিণ কোচবিহার তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক।

দ্বিতীয় ও শেষ ধাপে ভোট হবে আগামী ২৯ এপ্রিল। ৪ মে ভোট গণনা ও ফল প্রকাশ করা হবে। রাজ্যটিতে সরকার গঠন করতে কোনো দল বা জোটকে ১৪৮টি বা তার বেশি আসনে জয় পেতে হবে। পশ্চিমবঙ্গে সর্বশেষ ২০২১ সালে নির্বাচন হয়। সেবার মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ২৯৪টি আসনের ২১৫টিতে একাই জয় পেয়েছিল। ৭৭টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হয়েছিল বিজেপি। ওই নির্বাচনের মাধ্যমে তৃণমূল কংগ্রেস টানা তৃতীয়বার রাজ্যটির ক্ষতায় আসে। প্রথম দফার মতো দ্বিতীয় দফার ভোটের আগে বেশকিছু বিধিনিষেধ জারি থাকবে। আগামী ২৫ এপ্রিল সন্ধ্যা থেকে যেসব এলাকায় ভোট হবে সেখানে মদ বিক্রি ও সেবন বন্ধ থাকবে। ২৯ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ভোট গণনার দিন ৪ মে-তেও মদের দোকান বন্ধ থাকবে। রাতের বেলায় বাইক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ; বিশেষ প্রয়োজন ছাড়া দিনে চালকের পেছনে যাত্রী বহনে নিষেধাজ্ঞা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত