গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তার ডিএনএ নমুনা সংগ্রহ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ এএম

আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে সেই নমুনা পূর্বে পাওয়া আলামতের সঙ্গে মিলিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। ফল পেতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকায় সিআইডির ফরেনসিক ল্যাবরেটরিতে হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

এর আগে ২০১৭ সালের মে মাসে তনুর পোশাক থেকে সংগৃহীত আলামতের ডিএনএ পরীক্ষায় তিনজন পুরুষের শুক্রাণুর উপস্থিতি পাওয়া যায় বলে জানায় তৎকালীন তদন্ত সংস্থা সিআইডি। তবে সে সময় সন্দেহভাজনদের সঙ্গে ডিএনএ নমুনা মিলিয়ে দেখা হয়নি। এবারই প্রথম কোনো সন্দেহভাজনের নমুনা নিয়ে মিলিয়ে দেখার উদ্যোগ নেওয়া হলো। গত মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসা থেকে হাফিজুর রহমানকে আটক করে পিবিআই। পরে তাকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার অগ্রগতির অংশ হিসেবে সম্প্রতি আদালতে তিনজনের ডিএনএ নমুনা সংগ্রহ ও পরীক্ষার অনুমতি চাওয়া হয়। আদালত সে আবেদন মঞ্জুর করেন। ওই তিনজনের মধ্যে একজন হাফিজুর রহমান। অন্য দুজন হলেন ঘটনার সময় কুমিল্লা সেনানিবাসে কর্মরত সার্জেন্ট জাহিদ ও সৈনিক শাহীন আলম, যারা বর্তমানে অবসরে রয়েছেন।

প্রসঙ্গত ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউজের কাছে ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত