তাপপ্রবাহ অব্যাহত, ৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ এএম

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবার একই দিনে দেশের তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

শুক্রবার (২৪ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ঢাকার জন্য দেওয়া আরেক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত