মেয়েদের হকিতে প্রথম জয়

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ এএম

উজবেকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের নারী হকি দল। এশিয়ান গেমস বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আন্তর্জাতিক হকিতে এটিই বাংলাদেশের মেয়েদের প্রথম জয়।

এর আগে নিজেদের অভিষেক ম্যাচে শক্তিশালী চায়নিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করেছিল বাংলাদেশ। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উজবেকিস্তান। আগামীকাল রবিবার হংকং নারী দলের বিপক্ষে গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচ মেয়েদের। আট দলের এ টুর্নামেন্টে শীর্ষ চার দল চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে।

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লিড এনে দেন শারিকা সাফা। তবে ১২ মিনিটেই সমতায় ফেরে উজবেকিস্তান। দ্বিতীয় কোয়ার্টারের ২৪ মিনিটে কনা আক্তারের গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ (২-১)।

তৃতীয় কোয়ার্টারে আক্রমণের ধার বাড়িয়ে ৪০ মিনিটে ব্যবধান ৩-১ করেন আইরিন আক্তার। চতুর্থ কোয়ার্টারে ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে উজবেকিস্তান এক গোল শোধ করলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে অর্পিতারা।

এই টুর্নামেন্টের শীর্ষ চার দল আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত