অস্ট্রেলিয়া-বধ নিয়ে আইসিসিতে দর কষাকষি করতে চান তামিম

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০১:২৭ এএম

নিজের ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ হয়নি তামিম ইকবালের। তবে ২০১৭ সালে দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো ঐতিহাসিক টেস্টে বাংলাদেশ দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নাজমুল হোসেন শান্তদের অস্ট্রেলিয়া-বধের ইতিহাস গড়তে দেখলেন সাবেক এই অধিনায়ক। দলের এই সাফল্যে উচ্ছ্বসিত তামিম। তার চোখে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় কেবল একটি ম্যাচের জয় নয়, বিশ্বক্রিকেটে বাংলাদেশের সামর্থ্যরে একটি শক্তিশালী বার্তা।

গতকাল মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম জানান, ঐতিহাসিক এই জয়ের সুফল কাজে লাগিয়ে ভবিষ্যতে বড় দলগুলোর বিপক্ষে আরও বেশি ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ আয়োজনের সুযোগ তৈরি করতে চায় বিসিবি। আগামী মাসে আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) নিয়ে গুরুত্বপূর্ণ সভা রয়েছে। সেখানে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যকে উদাহরণ হিসেবে তুলে ধরবেন তামিম, ‘এটি আমাদের দায়িত্ব। আগামী মাসে এফটিপি মিটিং হবে। সেখানে আমরা অন্য দলগুলোকে রাজি করে আরও ভালো সিরিজ নেওয়ার চেষ্টা করব। এই জয়টি অন্য দলগুলোর সঙ্গে আলোচনার ক্ষেত্রে আমাদের সাহায্য করবে। আমরা এফটিপিকে যতটা সম্ভব প্রতিযোগিতামূলক করার এবং বড় দলগুলোর সঙ্গে খেলার চেষ্টা করব।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়কে বাংলাদেশের ক্রিকেটের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বড় অর্জন হিসেবেই দেখছেন বিসিবি সভাপতি। তার মতে, এমন সাফল্য শুধু দলের আত্মবিশ্বাস বাড়াবে না, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থানও আরও দৃঢ় করবে। তবে ঐতিহাসিক এই জয়ের পর ক্রিকেটারদের জন্য বিশেষ কোনো বাড়তি ভাতার ঘোষণা আসছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তামিম। বিষয়টি অভ্যন্তরীণ রাখার কথা জানিয়ে বলেন, ‘বোনাসের বিষয়টি অভ্যন্তরীণ থাকুক। আমরা খেলোয়াড়দের সঙ্গে এটি নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড  খেলোয়াড়দের এই অর্জনে অত্যন্ত গর্বিত। আশা করি, বাংলাদেশ ক্রিকেট এখান থেকে আরও এগিয়ে যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত