ঢাকায় ফেরার পথে নিখোঁজ, ১২ ঘণ্টা পর কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার 

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১২ পিএম

চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) সকালে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মমিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করে। পরে দুপুরে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

নিহত বুলেট বৈরাগী কুমিল্লা শহরের পানপট্টি এলাকার বাসিন্দা সুশীল বৈরাগীর ছেলে। তিনি ঢাকার কাস্টমস, ভ্যাট ও এক্সসাইজ বিভাগে কর্মরত ছিলেন। প্রশিক্ষণে অংশ নিতে তিনি সম্প্রতি চট্টগ্রামে গিয়েছিলেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল রাতে চট্টগ্রাম থেকে বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন বুলেট বৈরাগী। পথে পরিবারের সঙ্গে তার কথা হয়। সর্বশেষ রাত ২টা ২৫ মিনিটের দিকে তিনি ফোনে জানান, তিনি কুমিল্লা নগরের টমছমব্রিজ এলাকায় পৌঁছেছেন। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি; তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে পরিবারের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহে বড় কোনও আঘাতের চিহ্ন না থাকলেও মুখমণ্ডলে রক্তের দাগ ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত