কাস্টমস কর্মকর্তা হত্যার রহস্য উদঘাটনের দাবি র‌্যাবের

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পিএম

কুমিল্লা নগরীতে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে র‌্যাব। সংস্থাটি জানিয়েছে, সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আজ রবিবার রাতে র‌্যাবের পাঠানো এক ক্ষুদে বার্তায় বলা হয়, কুমিল্লায় সংঘটিত এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ক্লুলেস অবস্থার অবসান হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং করা হবে। ইতিমধ্যে পুলিশ, র‌্যাব, ডিবি, সিআইডি ও পিবিআই যৌথভাবে তদন্ত কার্যক্রম চালাচ্ছে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাসে করে এসে বুলেট বৈরাগী কুমিল্লার টমছমব্রিজ এলাকায় নামেন। রাত ২টা ২৫ মিনিটে তিনি পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা বলেন। এরপরই তার ব্যবহৃত মোবাইল ফোন দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে চলে যায় বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে ভোর সাড়ে ৫টার দিকে তার মোবাইল ফোনের অবস্থান পাওয়া যায় চৌয়ারা এলাকায়। ধারণা করা হচ্ছে, সেখানে তাকে ছিনতাইয়ের পর হত্যা করা হয়। পরে দুর্বৃত্তরা তার মরদেহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় একটি হোটেলের সামনে ফেলে রেখে যায়।

র‌্যাবের কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করা হয়েছে। জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।

নিহত বুলেট বৈরাগীর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি ৪১তম বিসিএস নন-ক্যাডার পদে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে দেড় বছর আগে চাকরিতে যোগ দেন। সর্বশেষ কুমিল্লার বিবির বাজার স্থল বন্দরে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে তিনি নগরীর রাজাগঞ্জ পানপট্টি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

শনিবার সকালে সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা নীলিমা বৈরাগী শনিবার রাতে সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত