বগুড়ার গাবতলীতে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সুমন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এই ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টার দিকে গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবক সুমন (৩৫) গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামের মো. আবদুল করিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পৌনে চারটার দিকে এলাকায় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় সুমন বাড়ির পাশের একটি জমিতে থাকা ছাগল আনতে যান। জমিতে পৌঁছানোর পর হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু মুসা ঘটনার জানান, খবর পেয়ে এসআই মাহবুবসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
