গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সম্পত্তির জন্য সিয়াম মিয়া(১৩)নামে এক এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মেহেদী গাজী (২৬) ও ইমরান হোসেন(২৫) নামে দুই যুবকের বিরুদ্ধে। গত শুক্রবার রাতে ওই দুই বখাটে যুবক শিশু সিয়ামকে নির্যাতন করে পাড়কোনার একটি ব্রীজের পাশে অচেতন অবস্থায় ফেলে যায়। জ্ঞান ফেরার পর সিয়াম এক পথচারীর মাধ্যমে বাড়ী এসে ঘটনা খুলে বলে। এরপর পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। শিশু সিয়াম উপজেলার কয়খা গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে বলে জানা গেছে।
শিশু সিয়াম মিয়া জানায় ঘটনার রাতে মেহেদী ও ইমরান ঝালমুড়ি খাওয়া কথা বলে একটি নির্জন স্থানে ডেকে নিয়ে মারধর করে। এ সময় মারার কারন জানতে চাইলে ২০ হাজার টাকার জন্য তাকে মারা হচ্ছে বলে জানায় ওই দুই বখাটে যুবক। ওই ২০ হাজার টাকা স্থানীয় ঘাঘর বাজারের কাঠ ব্যবসায়ী রেজয়ান মিয়া তাদেরকে দিয়েছে বলে জানায় শিশু সিয়াম মিয়া।
সিয়াম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বেডে শুয়ে কান্না জড়িত কন্ঠে বলে, আমার বাড়ীর সম্পত্তির জন্য আমার চাচাতো ভাই রেজয়ান মিয়া আমাকে মারতে চায়। রেজয়ান ভাই আমাকে মারার জন্য মেহেদী ও ইমরানকে ২০ হাজার টাকা দিয়েছে, তারা আমাকে মারধরের সময় বলেছে।
এ বিষয়ে কাঠ ব্যবসায়ী রেজয়ান মিয়ার কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। অপরদিকে মেহেদী গাজী ও ইমরান হোসেনকে পাওয়া যায়নি। তারা দু'জন পলাতক। কাঠ ব্যবসায়ী রেজয়ান কয়খা গ্রামের হোসেন আলীর ছেলে। অপরদিকে মেহেদী গাজী ও ইমরান হোসেন একই গ্রামের সোলায়মান গাজী এবং বাহার আলীর ছেলে।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন,এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
