স্টারলিংক স্যাটেলাইট সরঞ্জাম ব্যবহার করে ইরান থেকে গোপনে শ্রেণিবদ্ধ তথ্য শত্রুপক্ষের নেটওয়ার্কে পাচারের অভিযোগে একটি নেটওয়ার্ক শনাক্ত ও ধ্বংস করার দাবি করেছে ইরানের পুলিশ। এ ঘটনায় নেটওয়ার্কটির মূল সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের ফার্স নিউজ রবিবার (১৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের গ্রেটার তেহরান পুলিশ কমান্ডের সাইবার গোয়েন্দা পুলিশের বিশেষজ্ঞরা প্রযুক্তিগত ব্যবস্থা ও নজরদারির মাধ্যমে নেটওয়ার্কটি শনাক্ত করেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, এর আগে ইরানের স্পর্শকাতর স্থাপনার অবস্থান শত্রু স্যাটেলাইট নেটওয়ার্কে পাঠানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তেহরান ও উত্তর তেহরানে সাংবাদিক পরিচয়ে কাজ করা আরও দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাংবাদিকতার আড়ালে দেশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সামরিক ও গোয়েন্দা স্থাপনা-সংক্রান্ত শ্রেণিবদ্ধ তথ্য সংগ্রহ করে শত্রুভাবাপন্ন নেটওয়ার্কে পাঠানোর অভিযোগ রয়েছে।
তদন্তে জানা গেছে, মূল অভিযুক্ত ব্যক্তি বড় অঙ্কের অর্থ উপার্জনের উদ্দেশ্যে এই অবৈধ নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। নির্দিষ্ট কিছু ব্যক্তিকে অবৈধ যোগাযোগসেবা দেওয়ার পাশাপাশি নেটওয়ার্কটি অপরাধমূলক ও রাষ্ট্রবিরোধী তথ্য আদান-প্রদানের প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে নেটওয়ার্কটির কর্মকাণ্ড শুধু যোগাযোগসংক্রান্ত আইন লঙ্ঘনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা সরাসরি ইরানের জাতীয় নিরাপত্তাকে লক্ষ্যবস্তু করেছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইরানের গোয়েন্দা পুলিশ বলেছে, সাইবার জগত ও দেশের তথ্যভাণ্ডারের নিরাপত্তা তাদের ‘রেডলাইন’। নিরাপত্তার বিষয় উপেক্ষা করে শুধু আর্থিক লাভের আশায় শত্রুভাবাপন্ন পক্ষকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সহায়তার প্ল্যাটফর্ম তৈরি করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ও আপসহীন ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।