শুধু একটি ম্যাচ জয় নয়, রীতিমতো ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল। প্রথমবারের মতো বাছাইপর্ব খেলতে নেমেই এশিয়ান গেমসে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। রবিবার জাকার্তার জিবিকে হকি মাঠে হংকং চায়নাকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসের বাছাইপর্বের ‘এ’ গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে নারী হকি দল। ইতিহাসে প্রথম সিনিয়র পর্যায়ে খেলতে নেমেই অভাবনীয় সাফল্য এনে দিলেন অর্পিতা পালরা।
এ ম্যাচে ড্র করলেই চলত এমা-কনাদের। তবে সে পথে হাঁটেনি জাহিদ হোসেনের দল। যদিও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ম্যাচের প্রথম মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে তারা। এমন অবস্থায় ছন্দ হারিয়ে ফেলে অনেক দল। তবে বাংলার মেয়েদের সংকল্প ছিল ভিন্ন।
ম্যাচের ১০ মিনিটে জটলার মাঝ থেকে দুর্দান্ত শটে দলকে সমতায় ফেরান মিডফিল্ডার নাদিরা এমা। ম্যাচের তৃতীয় কোয়ার্টারে কনা আক্তারের গোলে লিড নেয় বাংলাদেশ। ৩৯ মিনিটে কনা আক্তার সমন্বিত আক্রমণকে গোলে পরিণত করেন। লিড ধরে রাখা অবশ্য সহজ ছিল না বাকিটা সময়। রক্ষণে বারবার চাপ দিয়েছে হংকং। দারুণ দক্ষতার সঙ্গে সেই চাপ সামলে গেছে বাংলাদেশের রক্ষণ। এতে প্রথমবারের এশিয়ান কাপের জায়গা নিশ্চিত হয় বাংলাদেশের।
বাছাইপর্ব দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে পথচলা শুরু বাংলাদেশের। জীবনের প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজেদের জাত চিনিয়েছিল বাংলাদেশের মেয়েরা। চায়নিজ তাইপের সঙ্গে শ্বাসরুদ্ধকর ম্যাচ ৫-৫ ড্র করে তারা। এরপর উজবেকিস্তানকে ৩-২-এ হারানোর মধ্য দিয়ে প্রথম জয়ের স্বাদ পায়। আর রবিবার হংকংয় চায়নাকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে এখন সেমিফাইনালের বাধা পেরুনোর অপেক্ষায় বাংলাদেশ। মঙ্গলবার তাদের লড়তে হবে বি গ্রুপ রানার্স-আপ সিঙ্গাপুরের সঙ্গে।
এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে ২০তম এশিয়ান গেমসে পুরুষ দলের পাশাপাশি নারী দলও থাকবে। তবে পুরুষরা এবার সুযোগ পেয়েছে পঞ্চম দল হিসেবে। নারীরা এখানে পেছনে ফেলেছে পুরুষ দলকে।