সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের ইন্তেকাল

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ এএম

শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সারোয়ার মিলন ইন্তেকাল করেছেন। গতকাল রবিবার ভোরে রাজধানীর নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৯ বছর। পরে তাকে রাজধানীর একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, ‘তিনি আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’

গোলাম সারোয়ার মিলন বাংলাদেশের রাজনীতিতে সুপরিচিত নাম। ছাত্রজীবন থেকেই সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। ১৯৮১-৮২ মেয়াদে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতেও প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ নেতা হিসেবে ভূমিকা রাখেন।

তিনি ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মানিকগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। ওই সময়ের মধ্যে (১৯৮৬-৮৭ মেয়াদে) তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে গোলাম সারোয়ার মিলন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যুক্ত ছিলেন। জীবনের শেষ পর্যায়ে তিনি বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

২০০৭ সালের আলোচিত ওয়ান-ইলেভেনের পর তিনি ফেরদৌস আহমেদ কোরেশীর নেতৃত্বাধীন প্রগতিশীল গণতান্ত্রিক দলে (পিডিপি) যোগ দেন। পরে আবারও জাতীয় পার্টিতে ফিরে আসেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারায় যোগ দেন। ওই নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে কুলা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত