ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ হলের বিপরীত পাশের ফুটপাত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। মারা যাওয়া যুবকের নাম আলমগীর (২৭)। তবে তার বিস্তারিত পরিচয় পায়নি থানা পুলিশ।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক বলেন, ‘আমরা খবর পেয়ে শহীদুল্লাহ হলের বিপরীত পাশের ফুটপাত থেকে একটি মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে এটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ তিনি বলেন, ‘ওই যুবকের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। লোকের মুখে জানতে পেরেছি তিনি ভবঘুরে প্রকৃতির ও নেশাগ্রস্ত ছিলেন। আমাদের ধারণা অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
