টেকনাফে নতুন ৫ ইউনিয়ন

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৮:০৩ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনসেবা ত্বরান্বিত করতে বিদ্যমান ৫টি ইউনিয়ন ভেঙে নতুন আরও ৫টি ইউনিয়ন গঠনের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। উপজেলার প্রশাসনিক কার্যক্রম গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে নতুন পাঁচটি ইউনিয়ন গঠনের প্রস্তাব করেছেন কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

গত ২৭ মার্চ এমপি শাহজাহান চৌধুরী এ মর্মে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবরে ডিও লেটার দিয়েছেন। তার সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সুস্পষ্ট প্রস্তাবনা প্রেরণের জন্য কক্সবাজার জেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে। জানা গেছে, জেলা প্রশাসন এ বিষয়ে প্রতিবেদন দিতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে।

সংসদ সদস্যের প্রস্তাবনা অনুযায়ীÑ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নকে বিভক্ত করে ‘মধ্যম হোয়াইক্যং ইউনিয়ন’, হ্নীলা ইউনিয়নকে বিভক্ত করে ‘দক্ষিণ হ্নীলা ইউনিয়ন’, টেকনাফ সদর ইউনিয়নকে বিভক্ত করে ‘টেকনাফ উত্তর ইউনিয়ন বা লেঙ্গুরবিল ইউনিয়ন’, সাবরাং ইউনিয়নকে বিভক্ত করে ‘শাহপরীর দ্বীপ ইউনিয়ন’ এবং বাহারছড়া ইউনিয়নকে বিভক্ত করে ‘বড় ডেইল ইউনিয়ন’ গঠনের কথা বলা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ১১ ধারা এবং সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন ইউনিয়নগুলো গঠিত হলে টেকনাফ উপজেলার মোট ইউনিয়নের সংখ্যা দাঁড়াবে ১০টি। ফলে দুর্গম এলাকার মানুষের প্রশাসনিক ভোগান্তি কমবে এবং তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নাগরিক সুবিধা পৌঁছানো আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত