জুতাপেটার শিকার সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৮:০৩ এএম

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে মারামারির ঘটনায় আলোচিত শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রবিবার রাজশাহী অঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান ওই কলেজ পরিদর্শন শেষে এ নির্দেশ দেন। তিনি বলেন, তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার কলেজ শিক্ষিকা আলেয়া খাতুন হীরার সঙ্গে বিএনপির এক কর্মীর সঙ্গে হাতাহাতি ও শিক্ষিকাকে জুতাপেটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভিডিওতে দেখা যায়, আলেয়া খাতুন হীরা একজনকে থাপ্পড় মারছেন এবং ওই ব্যক্তি তাকে সেন্ডেল দিয়ে পেটাচ্ছেন। ভিডিওটি নজরে আসার পর তদন্ত শুরু করে মাউশি। 

প্রফেসর আসাদুজ্জামান জানান, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরপরই তা শিক্ষা মন্ত্রণালয় এবং বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হবে। এ ছাড়া, মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রতিবেদন পাওয়ার পর সার্বিক বিষয়গুলো পর্যালোচনা করে তিনি ব্যক্তিগতভাবেও একটি চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

এদিকে, গতকাল বেলা সাড়ে ১১টায় দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও প্রদর্শক আলেয়া খাতুনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ওই কলেজের শিক্ষক-কর্মচারীরা। মানববন্ধনে তারা ওই কলেজে দীর্ঘদিন ধরে চলে আসা অপশাসন এবং শিক্ষকদের প্রতিনিয়ত লাঞ্ছিত করার প্রতিবাদ জানান। তারা আলেয়া খাতুনের বিরুদ্ধে শিক্ষকদের অকথ্য ভাষায় অপমান এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলে ধরেন। তারা অবিলম্বে আলেয়ার অপসারণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত