বগুড়ার গাবতলীতে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় উমা চন্দ্র (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে দোকানের ওপর একটি বটগাছ ভেঙে পড়ে এ ঘটনা ঘটে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত উমা চন্দ্র গাবতলী উপজেলার চকরাধিকা পশ্চিম পাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে। তিনি লাঠিগঞ্জ বাজারে নিজের পানের দোকানে রাতে ঘুমিয়ে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোররাত সাড়ে তিনটার দিকে গাবতলী এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় লাঠিগঞ্জ বাজারে উমা চন্দ্রের পানের দোকানের পাশে থাকা একটি পুরোনো বটগাছ সরাসরি দোকানের ওপর পড়ে। এতে দোকানটি দুমড়ে মুচড়ে যায় এবং ভেতরে থাকা উমা চন্দ্র গাছের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ভোরে গাবতলী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর গাছের নিচ থেকে উমা চন্দ্রের লাশ উদ্ধার করা হয়।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উমা চন্দ্রের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইরান ভেনেজুয়েলা নয় যে চাইলেই সম্পদ লুট করা যায়