যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননায় ববিতা

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৯ এএম

চলতি বছরের শুরু থেকেই বেশ ফুরফুরে মেজাজে ‘অনঙ্গ বউ’ বলে খ্যাত দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি ফরিদা আক্তার ববিতা। এ বছর একুশে পদকে ভূষিত হওয়ার পর থেকেই নতুন করে আবার আলোচনায় এসেছেন তিনি। এরই মধ্যে বেশ কয়েকটি সংগঠন থেকেও বিশেষ সম্মাননা অর্জন করেন তিনি। তবে এবারই প্রথম তিনি বিদেশের মাটিতে আজীবন সম্মাননা পাচ্ছেন। টানা নবমবারের মতো যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত চ্যারিটি অরগানাইজেশন ‘আনন্দমেলা’র ব্যানারে অ্যাওয়ার্ডের আসর বসছে আগামী ২৫ ও ২৬ জুলাই। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিখ্যাত হলিউড সাইন সংলগ্ন এলাকায় আয়োজিত এই মেলায় দেশবরেণ্য এই তারকার হাতে বিশেষ এই পুরস্কার তুলে দেওয়া হবে। ববিতা জানান, এবারই প্রথম যুক্তরাষ্ট্রের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের গড়া কোনো বড় সংগঠন থেকে তিনি আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন।

অভিনেত্রীর ভাষ্য, ‘এর আগে যুক্তরাষ্ট্র থেকে কয়েকটি সংগঠন আমাকে আজীবন সম্মাননা দিতে চেয়েছিল। নানান কারণে ব্যাটে-বলে সময় মেলেনি। ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল-এর গুড উইল অ্যাম্বাসেডর হিসেবে যখন যুক্তরাষ্ট্রে কাজ করেছি তখন বিভিন্ন স্টেটে গিয়েছি, বাংলাদেশিরা আমাকে সম্মানিত করেছেন। তবে যুক্তরাষ্ট্রের মাটিতে আনন্দমেলা’র এই আজীবন সম্মাননা আমার জন্য সত্যিই অনেক বড় বিষয়। আন্তরিক ধন্যবাদ জানাই আনন্দমেলা’র প্রতিষ্ঠাতা ও সিইও খান মোহাম্মদ আলী সাহেবকে যে তিনি এবং তার কমিটির বিবেচনায় আমাকে এই সম্মাননায় ভূষিত করতে যাচ্ছেন। সমন্বয়ক হিসেবে সাংবাদিক অভি মঈনুদ্দীনও ভীষণ সহযোগিতা করেছে। আমার বিশ^াস হলিউডের পাশে বাংলাদেশিদের এই আয়োজন বাংলাদেশের সংস্কৃতিকে আরও আলোকিত করবে।’

‘আনন্দমেলা’র প্রতিষ্ঠাতা ও সিইও খান মোহাম্মদ আলী বলেন, ‘ববিতা আপা আজীবন সম্মাননা গ্রহণ করতে সম্মত হয়েছেন এটা আনন্দমেলা পরিবারের জন্য সত্যিই অনেক বড় এক প্রাপ্তি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত