টাবু আবার আলোচনায়

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০১:০০ এএম

বলিউডের সিনিয়র অভিনেত্রী টাবু দীর্ঘ ক্যারিয়ারে নিজেকে একজন জাত অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন। ‘মকবুল’, ‘হায়দার’ কিংবা ‘অন্ধাধুন’ সবখানেই তার সাবলীল পদচারণা মুগ্ধ করেছে ভক্তদের। শুরু থেকেই কম কাজ করলেও যে কাজই করেন, সেই কাজ আলোচনায় চলে আসে। এবারও তার ব্যতিক্রম হলো না। গত সপ্তাহে (১৭ এপ্রিল) মুক্তি পাওয়া এই অভিনেত্রীর হরর কমেডি সিনেমা ‘ভূত বাংলা’তে যশোদা চরিত্রে অভিনয় করে এবারও প্রশংসা কুড়াচ্ছেন টাবু। সিনেমার সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার ব্যক্তিগত জীবনে বড় এক অর্জনের খবর দিলেন এই অভিনেত্রী। মুম্বাইয়ের অভিজাত এলাকা ভারসোভায় আরব সাগরের তীরে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি।

মুম্বাইয়ের রিয়েল এস্টেট খবরের তথ্য অনুযায়ী, গোদরেজ প্রোপার্টিজের ‘গোদরেজ স্কাইসোর’ প্রকল্পের অধীনে এই নতুন ফ্ল্যাটটি কিনেছেন টাবু। ২ হাজার ১৫৩ বর্গফুট আয়তনের এই বিশাল ফ্ল্যাটটির মূল্য প্রায় ১০ কোটি টাকা। গত ২৬ মার্চ আর্থিক লেনদেনের কাজ সম্পন্ন হয়েছে। চুক্তি মোতাবেক ৫.২৪ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার রুপি রেজিস্ট্রেশন ফি ইতিমধ্যে পরিশোধ করেছেন অভিনেত্রী। বিলাসবহুল এই ফ্ল্যাটের সঙ্গে রয়েছে ১২৭ বর্গফুটের একটি ঝুলন্ত বারান্দা এবং দুটি গাড়ি পার্কিংয়ের জায়গা। টাবু যে আবাসনটিতে থাকছেন, সেখানে মোট ১২৬টি ফ্ল্যাট রয়েছে যা আধুনিক সব সুযোগ-সুবিধা সম্পন্ন।

প্রসঙ্গত, মুম্বাইয়ের ভারসোভা এলাকাটি তারকাদের বসবাসের জন্য বেশ পরিচিত। এর আগে ২০২৫ সালে অভিনেত্রী গওহর খানও এই এলাকায় ফ্ল্যাট কিনেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত