টোট ব্যাগ যেভাবে গুছিয়ে রাখবেন

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০১:০১ এএম

টোট ব্যাগের জনপ্রিয়তা বেড়েছে। টোট ব্যাগ যেমন পরিবেশবান্ধব, তেমনি দেখতেও সুন্দর। শাড়ি, সালোয়ার কিংবা ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে দিব্য মানিয়ে যায়। টোট ব্যাগ ব্যবহার করতে গিয়ে সাধারণ যে সমস্যায় পড়েন অনেকে, সেটা হলো ব্যাগের ভেতর গোটা একটা পৃথিবী ঢুকে গেলেও প্রয়োজনে সেখান থেকে কিছুই খুঁজে পাওয়া যায় না। রাস্তার মাঝে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা ধরে ব্যাগে তল্লাশি অভিযান চালাতে হয়। টোট ব্যাগ গুছিয়ে রাখার উপায় জেনে নিন।

প্রথমে ব্যাগ থেকে সব বের করে দিন। ব্যাগ গোছানোর প্রথম ধাপ হলো সবকিছু বাইরে বের করে আনা। পুরনো বিল, চকোলেটের র‌্যাপার বা মেয়াদ শেষ হওয়া প্রসাধনী, কোনো ভাঙা আয়না, খুচরা পয়সা, সব মাটিতে বা টেবিলে ঢেলে ফেলুন। এবার ব্যাগটি ভালো করে মুছে একদম নতুনভাবে গোছানো শুরু করুন। ব্যাগের একটি পকেটে সব জিনিস না ভরে আলাদা আলাদা পাউচের মধ্যে গুছিয়ে রাখুন। তবে প্রতিবার জিনিস নিয়ে নির্দিষ্ট পাউচে রাখতে হবে। ফোন, ওয়ালেট বা লিপবাম এমন জায়গায় রাখুন, যাতে চোখবন্ধ করেও ব্যাগ থেকে বের করে ফেলতে পারেন। ব্যাগের ভেতরে চেন বা বাইরে পকেট থাকলে সেগুলো কাজে লাগান। টাকা বা গয়না সবসময় জিপার দেওয়া পকেটে রাখুন। যদি ব্যাগের নিজস্ব জিপার কম থাকে, তবে আলাদা করে জিপার পাউচ ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। পোশাকের সঙ্গে মানিয়ে ব্যাগ নেওয়ার অভ্যাস রয়েছে অনেকের। ঘন ঘন ব্যাগ বদল করতে হলে প্রয়োজনীয় জিনিস হারিয়ে যাওয়া বা পুরনো ব্যাগের মধ্যেই পড়ে থাকার সম্ভাবনা থাকে। সে জন্য অবশ্যই একটি ‘মাস্ট-হ্যাভ’ পাউচ তৈরি রাখুন যাতে কার্ড, চাবি এবং প্রয়োজনীয় জিনিস রাখা যায়। ব্যাগ বদলানোর সময় মনে করে শুধু ওই পাউচটি তুলে নিলেই কাজ শেষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত