বিশিষ্ট সাংবাদিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী সৈয়দ আবদাল আহমদ তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাবি শাখা। সোমবার (২৭ এপ্রিল) সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন এক বিবৃতিতে এই অভিনন্দন জানান।
বিবৃতিতে বলা হয়, সৈয়দ আবদাল আহমদ চার দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। ১৯৮২ সালে ‘দৈনিক বাংলা’র বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে তার কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে তিনি বাসস, দৈনিক জনকণ্ঠ, দৈনিক দিনকাল, সাপ্তাহিক বিচিত্রা ও দৈনিক আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করেন।
বিবৃতিতে আরও বলা হয়, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাবের দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া ১৯৯২-১৯৯৬ মেয়াদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮৯ সালে ‘ফিলিপস পুরস্কার’ ও ‘এসকাপ-এএফইজেবি পুরস্কার’ এবং ২০২৫ সালে ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি আজীবন সম্মাননা’ লাভ করেন। পাশাপাশি ২০টিরও বেশি গ্রন্থের প্রণেতা হিসেবে তিনি বুদ্ধিবৃত্তিক অঙ্গনেও অবদান রেখে চলেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, তার এই নিয়োগ দেশের তথ্য ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও পেশাদার করবে। তারা তার সুস্বাস্থ্য ও সার্বিক সাফল্য কামনা করেন।
এদিকে, একই নিয়োগে অভিনন্দন জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির(জাবিসাস) নেতৃবৃন্দও। এক পৃথক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মাহ আলম ও সাধারণ সম্পাদক রাজিব রায়হান সৈয়দ আবদাল আহমদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে তার পেশাগত জীবনের আরও সাফল্য কামনা করেন।
