চট্টগ্রামের  উন্নয়নে পাশে থাকব : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ এএম

চট্টগ্রাম অঞ্চলে বাঙালিসহ ১২টি সম্প্রদায় বাস করে। এরা সবাই দারুণ ঐক্যবদ্ধ। এটাই চট্টগ্রামের সৌন্দর্য বলে মন্তব্য  করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। গত রবিবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে চট্টগ্রাম সমিতি ঢাকার নবনির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা চট্টগ্রামবাসী সবসময় অত্যন্ত সৌহার্দ্য ও সম্প্রীতির মাঝেই বসবাস করি। দেশের যত ধরনের বৈচিত্র্য এটা প্রাকৃতিক হোক, সামাজিক হোক, ধর্মীয় হোক বা গোত্রীয় হোক সব ধর্ম বর্ণ গোত্রের অপরূপ সম্মিলন হচ্ছে আমাদের চট্টগ্রাম।’ চট্টগ্রামকে ইতিহাস, আন্দোলন ও ঐতিহ্যের উল্লেখ করে তিনি বলেন, ‘মেজবান বাংলাদেশে পরিচিত করেছে চট্টগ্রাম সমিতি ঢাকা। এ রকম ভিন্ন শত পথের মতের হাজার মানুষের এমন সংগঠন আর নেই। বাংলাদেশে এ রকম একটা সম্মিলন আর কোথাও দেখা যায়  না। এই বন্ধন নষ্ট করা যাবে না। এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মও নয়।’

এটা একটা কাকতালীয় ঘটনা। এই প্রথম বাংলা ভাষাভাষি, বাঙালি হিসেবে কেউ পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘চট্টগ্রাম আমার হৃদয়ে আছে। চট্টগ্রাম সমিতিসহ চট্টগ্রামবাসীর উন্নয়নে, চট্টগ্রামের  উন্নয়নে  আমি পাশে আছি, পাশে থাকব।’

অভিষেকের প্রথম পর্বে বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বিদায়ী সাধারণ সম্পাদক প্রকৌশলী উজ্জ্বল মল্লিক ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার মো. নাজিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নতুন কমিটির সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেগম মাফরুহা সুলতানা, হাসপাতাল কমিটির চেয়ারম্যান মো. দিদারুল আনোয়ার, এনজিও ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া ও নতুন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত