রাজধানীতে মাদকাসক্ত বাবার হাতে সন্তান খুন

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০১:৫২ পিএম

রাজধানীর বাড্ডায় মাদকাসক্ত বাবার হাতে ৩ বছর বয়সি ছেলেকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ। নিহত হাবিবের মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বাড্ডা বড় বেড়াইদ পশ্চিম ঋষিপাড়া জুলহাস মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। তাদের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার হাসিয়াকান্দি গ্রামে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন জানান, ওই বাড়িটিতে রিকশাচালক শাহিন, তার স্ত্রী গৃহপরিচারিকা শিল্পী খাতুন ও তাদের দুই ছেলে সন্তান থাকেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে বড় ছেলেটি বাসায় ছিল না। আর নিজের জন্য ঔষধ কিনতে বাসার বাইরে গিয়েছিলেন শিশুটির মা শিল্পী। কিছুক্ষণ পর তিনি বাসায় ফিরে রুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। তখন ডাকাডাকি করে তার স্বামীকে দরজা খুলতে বলেন। তবে তিনি কিছুতেই দরজা খুলছিলেন না। পরে বাড়িওয়ালাসহ আশপাশের মানুষ জড় হলে তখন শাাহিন দরজা খুলেন। তখন তিনি নিজেই বলেন, ঘরের ভিতর তার ছেলেকে তিনি মেরে ফেলেছেন। তখন সবাই রুমের ভিতর ঢুকে বিছানার উপর শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে শাহিনকে আটকে রাখেন।

এসআই আরও জানান, ৯৯৯ এ থানায় খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়। আর অভিযুক্ত বাবাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছেলেকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন। এছাড়া পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, শাহিন মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য স্ত্রীকে চাপ দিতেন। না দিতে চাইলে মারধরও করতেন। এসব নিয়েই সংসারে অশান্তি চলছিল। তবে ছেলেকে কেনো হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত