ব্যাংক এশিয়া পিএলসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াউল হাসান মোল্লাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি প্রদান করেছে। নিরলস কর্মনিষ্ঠা, দক্ষতা ও ব্যবসা উন্নয়নে আন্তরিক অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যাংক মোল্লাকে এ পদে উন্নীত করেছে।
মোল্লা ২০১৮ সাল থেকে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নতুন দায়িত্বের পাশাপাশি তিনি প্রধান ঋণ কর্মকর্তা এজেন্ট ব্যাংকিং প্রধান, প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ ও কমপ্লায়েন্স কর্মকর্তা এবং ব্যাংক এশিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবেও পূর্ববর্তী দায়িত্ব পালন করবেন।
ব্যাংকিং ও আর্থিক সেবাখাতে দীর্ঘ ২৫ বছরের বেশী অভিজ্ঞতা-সমৃদ্ধ মোল্লা কর্পোরেট ব্যাংকিং, ঋণ ব্যবস্থাপনা, এসএমই ও রিটেইল ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং এবং আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে লক্ষ্যনীয় দক্ষতা অর্জন করেছেন। ২০১৩ সালে ব্যাংক এশিয়ায় যোগদানের পর থেকে তিনি নিষ্ঠার সাথে ব্যাংকের ব্যবসা উন্নয়ন, ঋণ ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স এবং এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।
ব্যাংক এশিয়ায় যোগদানের পূর্বে মোল্লা সিটি ব্যাংক পিএলসি. এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। হংকংভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মোল্লা (২০২২-২০২৬) অ্যাসোসিয়েশন অব অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স অব ব্যাংকস ইন বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশের ব্যাংকিং খাতে ‘বেষ্ট প্র্যাকটিস’ উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
মো. জিয়াউল হাসান মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং যুক্তরাষ্ট্রের নিউপোর্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি শরিয়াহ পরামর্শ এবং অ্যান্টি-মানি লন্ডারিং বিষয়ে আন্তর্জাতিক সনদ অর্জন করেছেন।
