মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুরে আজাদ মিয়া ওরফে ‘পীর আজাদ’কে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার মৌলভীবাজার জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আজাদ মিয়া সদর উপজেলার হিলালপুর এলাকার মৃত ছইদ উল্লাহর ছেলে। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় খুন, ডাকাতি, অস্ত্র এবং মারামারিসহ মোট ১২টি মামলা রয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে ১০টি গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) দীর্ঘদিন ধরে মূলতবি ছিল। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি দীর্ঘদিন ধরে সিলেটের গোলাপগঞ্জ ও মেট্রোপলিটন এলাকায় আত্মগোপনে ছিল।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের নেতৃত্বে সদর মডেল থানার একটি বিশেষ টিম এই অভিযান চালায়। গত ২৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে অংশ নেন ওসি মো. সাইফুল ইসলাম, এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার এবং এএসআই রানা মিয়া, সাইদুর রহমান ও জাহিদুর রহমান। টানা দুই দিনের শ্বাসরুদ্ধকর অভিযানের পর গত মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমার পাপড়িকা রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পীর আজাদ একজন দুর্ধর্ষ অপরাধী। তার বিরুদ্ধে এক ডজনেরও বেশি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
