‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ এএম

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৬০ বছরেরও বেশি সময়ের পেশাদার সংগীতজীবন। দীর্ঘ ক্যারিয়ারে ১০ হাজারের বেশি গান গেয়ে তিনি জায়গা করে নিয়েছেন গিনেস বুকে। লোকজ, পপ, রক, গজল, আধুনিক সব ধাঁচেই কৃতিত্ব দেখিয়েছেন রুনা। নতুন খবর হলো ভারতের দিল্লিতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিতব্য ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সংগীতে বিশেষ অবদানের

স্বীকৃতিস্বরূপ ‘মিনার-ই-দিল্লি’ অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে দেশবরেণ্য এই তারকাকে। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী আদুর গোপালকৃষ্ণন আনুষ্ঠানিকভাবে ৪ মে এই উৎসবের উদ্বোধন করবেন। পাঁচ দিনব্যাপী এই উৎসবটি চলবে ৮ মে পর্যন্ত। এবারের উৎসবে বিশ্বের ৬০টিরও বেশি দেশের প্রায় ১৭৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবটি আয়োজনে বিশেষ সহযোগিতা করেছে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস। 

এমন উৎসবে পুরস্কার প্রাপ্তির পর সামাজিক মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে রুনা লায়লা বলেন, ‘আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবের অংশ হতে পেরে এবং একটি পুরস্কার গ্রহণের খবরে আমি অত্যন্ত আনন্দিত। আমি উৎসবের সভাপতি রাম কিশোরকে ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে ইন্দিরা গান্ধী শিল্প পরিষদ, তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়কেও অনেক ধন্যবাদ। এটি সত্যিই একটি বিশাল পদক্ষেপ এবং এটি বিশ্বজুড়ে সৃজনশীল মানুষের সৃজনশীলতার একটি সংহতি। আমি নিশ্চিত যে, এটি একটি বড় সাফল্য অর্জন করবে এবং এর জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা।’

‘মিনার-ই-দিল্লি’ সম্মাননাটি এই উৎসবের অন্যতম মর্যাদাপূর্ণ একটি অংশ, যা এর আগে শর্মিলা ঠাকুর, সুভাষ ঘাই, শত্রুঘœ সিনহা এবং রণধীর কাপুরের মতো প্রথিতযশা ব্যক্তিত্বরা লাভ করেছেন। রুনা লায়লার মতো একজন কিংবদন্তি শিল্পীকে সম্মানিত করার মধ্য দিয়ে উৎসবটি এক ভিন্ন মাত্রা পেয়েছে বলে মনে করছেন আয়োজকরা। 

প্রসঙ্গত, বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজিসহ ১৮টি ভাষায় তার কণ্ঠে গান শোনা গেছে রুনা লায়লার কণ্ঠে। বাংলা ছাড়া উর্দু, হিন্দি আর ইংরেজি ভাষা জানেন তিনি। তবে বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, পশতু, বেলুচি, আরবি, পারসিয়ান, মালয়, নেপালি, জাপানি, ইতালিয়ান, স্প্যানিশ, ফ্রেঞ্চ ও ইংরেজি ভাষায় গান করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত