আমেরিকান পপ আইকন আরিয়ানা গ্র্যান্ডে পেশাদার গায়িকা হলেও ইদানীং গানের বদলে অভিনয়ের সময় দিচ্ছেন বেশি। বিশেষ করে গত দুই বছরে মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘উইকেড’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসিত হন তিনি। এরপর থেকেই অভিনয়ের প্রতি মনোযোগ বাড়ছে এই তরুণ শিল্পীর। গানের সব বাঘা বাঘা পুরস্কার বগলদাবা করার পর অভিনয়ের জন্যও পেয়েছেন অস্কার, বাফটা এবং গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন। তবে অভিনয় করলেও গান থেকে নিজেকে দূরে রাখতে পারবেন না বলে সাফ জানিয়েছেন তিনি। গান তার মনের খোরাক বলেও মন্তব্য করেন তিনি। সেই ধারাবাহিকতায় প্রাণের টানেই গানে ফিরলেন আরিয়ানা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের অষ্টম স্টুডিও অ্যালবামের ঘোষণা দিলেন তিনি। ‘পেটাল’ নামের এই নতুন অ্যালবামটি আগামী ৩১ জুলাই রিপাবলিক রেকর্ডসের মাধ্যমে বাজারে আসবে।
অ্যালবামটির নির্বাহী প্রযোজনা ও রচনায় আরিয়ানার সঙ্গে কাজ করেছেন জনপ্রিয় সুইডিশ-পার্সিয়ান প্রযোজক ইলিয়া সালমানজাদেহ। ইলিয়া এর আগেও আরিয়ানার সফল অ্যালবাম ‘ইটার্নাল সানশাইন’-এর জন্য গান তৈরি করেছেন। নতুন অ্যালবামের পাশাপাশি আগামী জুন মাস থেকে গ্রীষ্মকালীন ট্যুর বা কনসার্ট সফরের ঘোষণাও দিয়েছেন আরিয়ানা। তবে ভক্তদের জন্য কিছুটা মন খারাপের খবরও দিয়েছেন তিনি। আরিয়ানা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই সফরটিই হতে পারে দীর্ঘ সময়ের জন্য তার শেষ ট্যুর। আরিয়ানা বলেন, ‘আমি আমার সর্বস্ব দিয়ে এটি করতে চাই, কারণ আমার মনে হয় অনেক দিন পর এটিই হবে আমার শেষ বড় কোনো আয়োজন।’
গত তিন বছর ধরে আরিয়ানা ‘উইকেড’ চলচ্চিত্র এবং নিজের আগের অ্যালবামগুলোর কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন। এখন ‘পেটাল’ অ্যালবামের মাধ্যমে তিনি তার সংগীতের নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন। নতুন গানগুলো শোনার জন্য এখন মুখিয়ে আছেন বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্ত। আরিয়ানা এই অ্যালবামটিকে বর্ণনা করেছেন প্রতিকূলতার মধ্যে বেঁচে থাকার এক গল্প হিসেবে। তার ভাষায়, ‘এমন কিছু যা জীবনশক্তিতে ভরপুর এবং কোনো কঠিন ফাটলের মধ্য দিয়েও বেড়ে উঠতে জানে।
সংগীত ক্যারিয়ারে দুবার গ্র্যামি, একবার ব্রিট অ্যাওয়ার্ড পেয়েছেন আরিয়ানা গ্রান্ডে। দুইটি বিলবোর্ড, তিনটি আমেরিকান মিউজিক, ১০টি এমটিভি ভিডিও মিউজিক পুরস্কার রয়েছে তার দখলে। ২৯টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তার নামের পাশে জ্বলজ্বল করছে।
