ঋণের সুদের হার কমিয়ে বিনিয়োগবান্ধব করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘দুই অঙ্কের সুদের হারে ঋণ নিয়ে টেক্সটাইলের মতো শিল্প উচ্চ খরচে টিকে থাকতে পারে না। এ বিষয়ে আমরা সচেতন। এই সুদের হার কমিয়ে আনা হবে। এই হার এমন হতে হবে যা নতুন বিনিয়োগ এবং চলমান ব্যবসার প্রবৃদ্ধিতে সহযোগিতা করে। এটা আমাদের অগ্রাধিকারে রয়েছে।’
গতকাল বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি এক্সিবিশন’ (বিটিকেজি এক্সপো-২০২৬)-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি লিমিটেড যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে যে কারণে শিল্পগুলো ভুগছে, তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে জ¦ালানির অভাব এবং দুই অঙ্কের সুদহার। ১৩ থেকে ১৪ শতাংশ তহবিল ব্যয় দিয়ে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয়।’
জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘জ্বালানির যে অব্যবস্থাটা আমরা পেয়েছি এটা আমরা তৈরি করিনি, এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আজকে বাংলাদেশে যদি পুরোপুরি চাহিদা মেটাতে হয়, তাহলে আমাদের দরকার ৪৩০০ এমএমসিএফ গ্যাস। এই মাটির নিচ থেকে আসে ১৭০০ থেকে ২৩০০ এমএমসিএফ। আর এলএনজি থেকে আসে ৯০০। বাকিটা ঘাটতি।
ব্যবসা সহজীকরণে নতুন উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আজকের দিনে আপনি যদি একটা নতুন ব্যবসার জন্য আবেদন করেন, ২৫-২৬টা লাইসেন্স এবং অনুমোদন পেতে পেতে বহু মাস লাগে বা বছর লেগে যায়। আগামী দিনে ব্যবস্থাটা এমন হবে, যেখানে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমরা প্রভিশনাল ক্লিয়ারেন্স বা লাইসেন্স যেটাই বলেন, সেটা ইস্যু করে দেব। চূড়ান্ত অনুমোদনের জন্য তখন প্রসেস চলবে, সেটা ছয় মাস হোক, এক বছর হোক তাতে কোনো সমস্যা নেই। কারণ প্রভিশনাল লাইসেন্স বা ক্লিয়ারেন্স পাওয়ার মাত্রই আপনি আপনার কাজ শুরু করে দিতে পারেন।’ এবারের প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২৮টি দেশের ৯০০ প্রদর্শক অংশগ্রহণ করছেন। মোট ১ হাজার ২০০টি বুথ নিয়ে প্রায় ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এই আয়োজন বিস্তৃত। প্রদর্শনীতে কানাডা, চীন, তাইওয়ান, বেলজিয়াম, ফ্রান্স, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, ভিয়েতনাম, মালয়েশিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের সর্বাধুনিক পণ্য ও প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রদর্শনীটির আহ্বায়ক ফজলে শামীম এহসান, ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের নির্বাহী পরিচালক স্পেন্সার লিন এবং বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ রাশেদ। চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী চলবে ২ মে পর্যন্ত।
