রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় সেবা সিটি স্কয়ারে শুরু হয়েছে 'সেবা গ্র্যান্ড এক্সপো ২০২৬'। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (৩০এপ্রিল) থেকে শুরু হওয়া এই এক্সপো চলবে আগামী ৫ মে পর্যন্ত। সেবা হোল্ডিংস লিমিটেড আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল এবং অভিনেত্রী বর্ষা।
উপস্থিত ছিলেন সেবা হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমডি মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিনহাজুল ইসলাম সিয়াম এবং জেনারেল ম্যানেজার (জিএম) মোহাম্মদ পারভেজ আনোয়ার। এছাড়াও প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আমন্ত্রিত অতিথি ও সেবা হোল্ডিংসের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসন গ্রহণ করেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি অনন্ত জলিল ও বর্ষাসহ অতিথিরা প্রজেক্টটির সাফল্য কামনা করেন। এরপর অতিথিরা আনুষ্ঠানিকভাবে সেবা সিটি স্কয়ার প্রজেক্টের থ্রিডি মডেল উন্মোচন এবং কেক কাটার মাধ্যমে এক্সপোর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধন শেষে অতিথিরা এক্সপোতে স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সবশেষে তারা হিরু খানের পরিচালনায় অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে নির্মিত সেবা সিটি এক্সপো’র নতুন বিজ্ঞাপনের প্রিমিয়ার উপভোগ করেন। এ সময় তারা প্রজেক্টের সামগ্রিক পরিকল্পনার প্রশংসা করেন।
চিত্রনায়ক অনন্ত জলিল তার বক্তব্যে বলেন, সেবা সিটি স্কয়ারের আয়োজন ও পরিকল্পনা দারুণ। আমি এখানে সিনেমা হল নির্মাণের প্রস্তাব দিয়েছি এবং কর্তৃপক্ষ জানিয়েছেন এখানে সিনেমা হলও থাকবে। অভিনেত্রী বর্ষা বলেন, “ওদের কথা ও কাজে মিল পাওয়ায় আমি এই প্রজেক্টের ব্যাপারে খুবই আশাবাদী।
সেবা হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গ্রাহকদের আধুনিক জীবনযাত্রার নিশ্চয়তা দিতেই আমাদের এই আয়োজন।’ উপ-ব্যবস্থাপনা পরিচালক মিনহাজুল ইসলাম সিয়াম বলেন, ‘এই ৬ দিনব্যাপী এক্সপোতে আমরা আমাদের প্রজেক্টের ভবিষ্যৎ রূপরেখা গ্রাহকদের সামনে তুলে ধরছি।’
উল্লেখ্য যে, আগামী ৫ মে পর্যন্ত প্রতিদিন এই এক্সপো চলবে এবং প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য ও সুবিধা সরাসরি জানার সুযোগ থাকবে।
