সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে এখন আলোচনায় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন। নতুন সরকার আপাতত প্রশাসক বসালেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সব দল। শুরু হয়েছে মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ। এছাড়া জাতীয় নির্বাচনের মতো সিটি নির্বাচনেও স্পষ্ট হচ্ছে জোটগত সমীকরণ।
এই ডামাডোলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে প্রার্থী হিসেবে জোড়ালো আলোচনায় এসেছেন ডাকসু ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম। এরই মধ্যে তিনি খাগড়াছড়ি থেকে নিজের ভোটার ঠিকানা পরিবর্তন করে ঢাকা-৮ আসনে স্থানান্তর করেছেন বলে নির্বাচন কমিশন ও দলীয় সূত্রে জানা গেছে।
জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে লড়াই করার লক্ষ্যেই সাদিক কায়েম তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। যদিও তিনি এখনো প্রকাশ্যে বড় কোনো নির্বাচনী প্রচারণায় নামেননি, তবে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ঢাকা দক্ষিণের জামায়াতের সদস্যদের গোপন ভোটে তিনি এগিয়ে আছেন বলে জানা গেছে।
এ বিষয়ে শিবিরের কেন্দ্রীয় কমিটির এক নেতা বলেন, সাদিক কায়েমকে জামায়াতের পক্ষ থেকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী করার বিষয়টি অনেকটাই চূড়ান্ত বলে জেনেছি। তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। তাছাড়াও, সাংগঠনিক স্বার্থে যেকোনো সময় যেকোনো সিদ্ধান্তে পরিবর্তন আসাটাও অস্বাভাবিক কিছু নয়।
সংগঠনটির আরেক নেতা বলেন, বিষয়টি এখনো আলাপ-আলোচনার পর্যায়ে রয়েছে। তবে সাদিক কায়েমকে প্রার্থী করার সম্ভাবনা বেশি।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বেশিরভাগ সিটি কর্পোরেশনেরই প্রার্থী আমরা চূড়ান্ত করে ফেলেছি। অল্প কয়েকটা বাকি আছে, শিগগিরই আমরা এগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে জানাবো।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাপারে তিনি বলেন, সাদিক কায়েমসহ কয়েকজনের নাম আলোচনায় আছে। তাই এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।
স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত কারো সঙ্গে জোট বা সমঝোতায় যাবে কিনা, জিজ্ঞেস করলে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা আপাতত এককভাবে নির্বাচন করার চিন্তা করছি। পরে পরিস্থিতি বুঝে যদি চিন্তার পরিবর্তন করতে হয় তখন সেটা পরের বিষয়।
এ দিকে জামায়াত থেকে বেশ কয়েকজন নেতা ঢাকা সিটি নির্বাচনে লড়তে চান। এর মধ্যে মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। মেয়র পদে আলোচনায় আছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দীন। তিনি জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসন থেকে নির্বাচন করে পরাজিত হন।
এছাড়াও ছাত্রশিবিরের সদ্য বিদায়ী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং ঢাকা-৬ আসনে সংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নানের নাম রয়েছে আলোচনায়।
চাঁদাবাজ হলে আমার হাতেও হাতকড়া পরান: সংসদে জামায়াত আমির