সাভারের আশুলিয়ায় চলন্ত বাস থেকে ৪৮ বোতল ফেনসিডিলসহ নাসিমা (৬২) নামে এক বৃদ্ধাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। বৃহস্পতিবার (৩০এপ্রিল) সন্ধ্যায় র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার শাহীনুর কবীর এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ব্রিজ সংলগ্ন উত্তর পার্শ্বে ছবেদ আলী মার্কেটের সামনে পাকা রাস্তার উপর সোনার তরী পরিবহণ বাসের ভেতর থেকে ওই বৃদ্ধাকে আটক করে ।
আটককৃত নাসিমা রাজশাহী জেলার তানোর থানার চান্দুরীয়া গ্রামের মো. ইয়াছিন আলীর স্ত্রী। র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার শাহীনুর কবীর বলেন, মাদকদ্রব্য উদ্ধারের জন্য চেকপোষ্ট ডিউটি করাকালীন বিভিন্ন ধরনের যানবাহন ও যানবাহনে থাকা যাত্রীদের তল্লাশী করা হচ্ছিল। এসময় সোনার তরী পরিবহনে তল্লাশি করার সময় নাসিমা নামে এক মহিলা যাত্রীকে আটক করা হয়েছে। এসময় বোরখার নিচে তার শরীরের সামনের দিকে পেটের সাথে সুকৌশলে স্কচটেপ দিয়ে বাধা অবস্থায় ৪৮ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
