সৈয়দপুরে কেমিক্যাল মিশ্রিত আম বিক্রি, লাখ টাকা জরিমানা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫১ পিএম

নীলফামারীর সৈয়দপুরে অননুমোদিত কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক আম মজুদ ও বিক্রির দায়ে এক ফল আড়তদারের এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে নীলফামারী জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালিত অভিযানে ওই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন।

এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নীলফামারী জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দীন, সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এস এম আরেফিন বিন- আমীন ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সৈয়দপুর শহরে অভিযান পরিচালনা করে। এসময় শহরের পাঁচমাথা মোড়ের মিতু ফল ভান্ডার নামের একটি ফলের আড়তে অননুমোদিত কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক আম মজুদ ও বিক্রি করতে দেখা যায়। আম আমদানি বা বিক্রির কোন রশিদ সংরক্ষণ না করার দায়ে ফল আড়ত মালিককে নিরাপদ খাদ্য আইনে দোকানের মালিক মাকসুদ আলমকে এক লাখ টাকার অর্থদন্ড করা হয়। পাশাপাশি জনসম্মুখে ২২০ কেজি অপরিপক্ক আম জব্দ ও ধ্বংস করা হয়।

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই অপরিপক্ব বা ক্ষতিকর খাদ্যপণ্য বাজারজাত করতে দেওয়া হবে না।

নীলফামারী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দীন জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত