দৌলতপুরে জাল নোট তৈরির সরঞ্জামসহ আটক ৩ 

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১১:০৭ পিএম

খুলনার দৌলতপুরে জাল নোট তৈরির সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। এ সময় জাল নোট তৈরিতে ব্যবহৃত ল্যাপটপ, হার্ডডিস্কসহ গুরুত্বপূর্ণ ডিজিটাল সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়েছে। কেএমপির মিডিয়া সেল সূত্রে শুক্রবার (১৫ আগস্ট) এই তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে দৌলতপুর থানার পুরাতন সাতক্ষীরা রোডের ৬৮/৩ কাজী আব্দুল করিম রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, ওই বাড়ির সাকেরা বানুর ছেলে কাজী মিনহাজ করিম অমিত (৩২), আঞ্জুমান রোডের বাসিন্দা মৃত শেখ আব্দুল ওয়াদুদের ছেলে শেখ ইমতিয়াজ কাদির (৩৮) ও দৌলতপুরের পাবলা বনিকপাড়া এলাকার বাসিন্দা শেখ আব্দুল্লাহর ছেলে আলিমুজ্জামান আশিক (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুরাতন সাতক্ষীরা রোডের ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে দুইতলা ভবনের দ্বিতীয় তলার স্টুডিও কক্ষে অবস্থানরত তিনজনকে আটক করা হয়।

দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুরাদুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৯টায় জাল নোট তৈরির সরঞ্জামসহ ৩ জনকে আটক করা হয়েছে। ওই কক্ষে জাল নোট প্রস্তুতের কাজে ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল সরঞ্জাম পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়েছে। উদ্ধার করা আলামতের মধ্যে ল্যাপটপ ও হার্ডডিস্কসহ গুরুত্বপূর্ণ ডিজিটাল সরঞ্জাম রয়েছে।

তিনি আরও জানিয়েছেন, এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত