কিশোরগঞ্জের ভৈরবে দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ১১টায় ভৈরব এমপি গার্লস হাই স্কুলের মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৭ পাউন্ডের কেক কাটেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী ও ভৈরব-কুলিয়ারচরের সংসদ সদস্য মো. শরীফুল আলম।
অনুষ্ঠানের শুরুতে দেশ রূপান্তরের ভৈরব প্রতিনিধি মো. ফজলুল হক বাবু প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মন্ত্রী কেক কাটেন এবং ভৈরব প্রতিনিধিকে নিজ হাতে কেক খাওয়ান। প্রতিনিধিও মন্ত্রীকে কেক খাওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশিদ, সরকারি পুলিশ সুপার ভৈরব সার্কেল মো. ফয়জুল ইসলাম, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান আকদ, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি আর এ মারুকী শাহীন, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, ভৈরব পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মোহাম্মদ শাহিন, সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান (ভিপি মজিবুর), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (ভিপি সাইফুল), ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জাহিদুল হক, জাভেদ, বিএনপি নেতা নুরুজ্জামান প্রমুখ।
প্রতিমন্ত্রী দৈনিক দেশ রূপান্তরের ভৈরব প্রতিনিধি ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংবাদ হবে বস্তুনিষ্ঠ ও সত্য। আমরা সেই গণমাধ্যম চাই যা মানুষের উপকারে আসবে। দৈনিক দেশ রূপান্তর দেশ ও মানুষের কথা বলবে। তিনি দেশ রূপান্তরের সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং আগামীতে পত্রিকাটি আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।
আমন্ত্রিত অতিথিদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান ভৈরব প্রতিনিধি। অতিথিরা অতীতের মতো ভবিষ্যতেও পত্রিকাটির পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
