১৩ মাসের সন্তান রেখে চীন যাচ্ছেন নাসরিন

আপডেট : ০৩ মে ২০২৬, ০১:০৫ এএম

সন্তানের বয়স মাত্র ১৩ মাস। এখনো মাকে ছাড়া কিছুই বোঝে না সে। কিছুক্ষণ পরপরই অবুঝ মনে খোঁজে প্রিয় মুখটি। কিন্তু ব্যক্তিগত আবেগ আর মাতৃত্বের মায়াকে একপাশে সরিয়ে রেখে দেশের লাল-সবুজ পতাকা রিপ্রেজেন্ট করতে চীনের উদ্দেশে উড়াল দিচ্ছেন আরচার নাসরিন আক্তার।

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ আরচারি স্টেজ-২-এর জন্য গতকাল শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) দল ঘোষণা করেছে ফেডারেশন। ১০টি ইভেন্টে অংশ নিতে যাওয়া ১৩ সদস্যের সেই দলে সবার নজর কেড়েছেন রিকার্ভ আরচার নাসরিন।

সংবাদ সম্মেলনে উপস্থিত নাসরিন নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘মা হিসেবে কাজটা অনেক বেশি চ্যালেঞ্জিং। আমার সন্তান এখনো অনেক ছোট, কিছুক্ষণ পরপরই আমাকে খুঁজতে থাকে। তারপরও দেশের দায়িত্ব বড়। পরিবারের পূর্ণ সমর্থন আছে বলেই আমি আজ এই সাহসটা পাচ্ছি।’ নাসরিনের স্বামী ও পরিবার শিশুটির দেখাশোনার দায়িত্ব নেওয়ায় কিছুটা দুশ্চিন্তামুক্ত হয়েই মিশনে যাচ্ছেন তিনি।

নাসরিনের এই অদম্য মানসিকতার প্রশংসা করেছেন বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। তিনি বলেন, ‘মা হওয়ার পরও নাসরিন যেভাবে নিজের ফর্ম ধরে রেখেছেন এবং আরচারিতে ফিরেছেন, তা অবিশ্বাস্য। তার স্কোর এখনো আগের মতোই মানসম্মত।’

কোচ ফ্রেডরিকের মতে, এই বিশ্বকাপটি মূলত আসন্ন এশিয়ান গেমসের বড় প্রস্তুতির জায়গা। তবে গত মাসে থাইল্যান্ডে এশিয়া কাপে স্বর্ণ জেতায় এবার কম্পাউন্ড ইভেন্ট নিয়ে বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে। স্বর্ণজয়ী দলের সদস্য হিমু বাছাড় আশাবাদী যে, বিশ্বকাপের মঞ্চেও তারা সাফল্যের ধারা বজায় রাখতে পারবেন।

সংবাদ সম্মেলনে এশিয়া কাপে স্বর্ণজয়ী তিন আরচার হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবকে ওয়ার্ল্ড আরচারি এশিয়ার সভাপতি কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল ৪১০ ডলার করে পুরস্কার প্রদান করেন। তবে ফেডারেশনের পক্ষ থেকে প্রতিশ্রুত অর্থ এবং সাবেক ক্রীড়া উপদেষ্টার ঘোষিত ১০ লাখ টাকা এখনো আরচারদের হাতে না পৌঁছানোয় কিছুটা আক্ষেপ রয়ে গেছে। এ বিষয়ে ফেডারেশন সভাপতি মোখলেসুর রহমান জানিয়েছেন, দ্রুতই একটি অনুষ্ঠানের মাধ্যমে আরচার ও কোচদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত