রোমাঞ্চ জাগিয়ে হার

আপডেট : ০৩ মে ২০২৬, ০১:০৬ এএম

ঢাকার মতো সিলেটেও বৃষ্টির কারণে কার্টেল ওভারের খেলা হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা শেষ টি-টোয়েন্টিতে। ৯ ওভারের সে ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল ৮৮ রানের। বাংলাদেশের জন্য লক্ষ্যটা বেশ বড়ই, কারণ অন্তত আন্তর্জাতিক টি- টোয়েন্টিতে কখনোই ১৫০ রানের বেশি তাড়া করে জিততে পারেনি। গতকাল আশা জাগিয়েছিল মেয়েরা। শেষ ৪ ওভারে ৪৪ রান, শেষ ওভারে ১৪ রানের সমীকরণ ছিল, শেষ ২ বলে ছিল ৬ রানের। কিন্তু রোমাঞ্চ জাগিয়েও তা পারেনি বাংলাদেশ। হেরেছে ৩ রানে। তাই সিরিজটা হেরেছে ৩-০ ব্যবধানে।

জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তারের উদ্বোধনী জুটি ভালো শুরু এনে দিতে পারেনি। ১.২ ওভারে ১৩ রান তোলার পর দিলারার বিদায়ে ভাঙে জুটি। জুয়াইরিয়া ও সোবহানা মোস্তারির দ্বিতীয় উইকেট জুটিতে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। ২০ বলে ৩০ রান যোগ করার পর জুয়াইরিয়ার (১১ বলে ১৫) বিদায়ে ভাঙে জুটি। ষষ্ঠ ওভারে সোবহানা (১৫ বলে ২১ রান) যখন ফিরলেন ২০ বলে বাংলাদেশের দরকার ৩২ রান। এরপর স্বর্ণা আক্তার ও রিতু মণিও ফিরে যাওয়ার পর শেষ ওভারে ১৪ রানের সমীকরণ নিয়ে শুরু করে বাংলাদেশ।

বাংলাদেশের ভরসা হয়ে টিকে থাকা অধিনায়ক নিগার চামারি আতাপাত্তুর করা ওভারের প্রথম বলেই ছক্কা মারতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন। সুলতানা খাতুন পরের তিন বলে ২টি ডাবলস ও ১টি চার মেরে জয়টাকে হাতের কাছে নিয়ে আসেন। কিন্তু আতাপাত্তুর অভিজ্ঞতার কাছেই হার মানতে হয়। পঞ্চম বলে মাত্র ১টি রানই নিতে পারেন সুলতানা। শেষ বলে ৫ রান দরকার, শারমিন সুলতানা নিতে পারলেন মাত্র ১ রানই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত