এবার এশিয়া কাপ মিশন আইরিনদের

আপডেট : ০৩ মে ২০২৬, ০১:০৬ এএম

এশিয়ান গেমসের নারী হকি বাছাই টুর্নামেন্ট খেলে ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরেছেন অর্পিতা পালরা। প্রথমবারের মতো এশিয়ান গেমসে নাম লিখিয়ে ইতিহাস গড়েছেন তারা। এবার পালা আইরিন আক্তারদের। অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ খেলতে রওনা হতে হবে তাদের। ২৯ মে জাপানে শুরু হবে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ। বাংলাদেশ হকি ফেডারেশন বালক-বালিকা দুই বিভাগেই নিবন্ধন করেছে।

এই টুর্নামেন্ট সম্পর্কে ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘জাপানে দুটি দল পাঠানো অনেক খরচ। এরপরও আমরা কষ্ট করে হলেও দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। ছেলেদের দল অনুশীলনে আছে। মেয়েরা মাত্র ফিরল, আবার তারা অনুশীলন শুরু করবে।’

গত বছর চীনে এশিয়া কাপ হকির অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট হয়েছিল। নারী দল ওই আসরে প্রথমবার অংশ নিয়েই ব্রোঞ্জ জিতেছিল। বালক দল চতুর্থ হয়েছিল। বাংলাদেশ বালক দল চীন, মালয়েশিয়া ও পাকিস্তানের সঙ্গে বি-গ্রুপে পড়েছে। নারী দলও বি-গ্রুপে লড়বে চীন, চাইনিজ তাইপে ও স্বাগতিক জাপানের বিপক্ষে। গতবারের মতো এবারও জাহিদ হোসেন রাজু ও মওদুদুর রহমান শুভর যথাক্রমে বালক-বালিকা দলের দায়িত্ব নেওয়ার কথা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত