দক্ষিণ সিরিয়ায় জর্ডানের বিমান হামলা

আপডেট : ০৩ মে ২০২৬, ০৪:১৫ পিএম

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে মাদক ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে জর্ডান। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

প্রতিবেদনে বলা হয়, সুইদার শাহবা গ্রামে বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা একটি স্থাপনায় এ হামলা চালানো হয়, যেখানে অস্ত্র ও মাদক মজুদ ছিল। অঞ্চলটির বড় অংশই বর্তমানে দামেস্ক সরকারের নিয়ন্ত্রণের বাইরে।

জর্ডান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশের উত্তর সীমান্তজুড়ে মাদক ও অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত একাধিক স্থানে 'প্রতিরোধমূলক অভিযান' চালানো হয়েছে। সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো হুমকির বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, একাধিক বিমান হামলায় অন্তত পাঁচটি স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে আরমান শহরের একটি গুদামও রয়েছে।

বিশ্লেষকদের মতে, সিরিয়ার গৃহযুদ্ধের সময় ক্যাপটাগন নামের সিনথেটিক মাদক দেশটির অন্যতম বড় অবৈধ বাণিজ্যে পরিণত হয়। একসময় এটি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর অর্থের প্রধান উৎস হিসেবেও ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এই মাদক বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় প্রতিবেশী দেশগুলো নিয়মিতভাবে চালান জব্দ করছে এবং সিরিয়া ও লেবাননের প্রতি মাদক চোরাচালান দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত