রেমিট্যান্সের জোয়ারে রিজার্ভে স্বস্তি

আপডেট : ০৪ মে ২০২৬, ০৬:০৭ এএম

প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে জোরালো উত্থানের ধারাবাহিকতায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বাড়ছে। সর্বশেষ হিসাবে মোট (গ্রস) রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানদ-েও রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ২০৪ দশমিক ৭৬ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৫১২ দশমিক ২৯ মিলিয়ন ডলার।

এর আগে বেশ কিছু সময় বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভ ৩০ থেকে ৩২ বিলিয়ন ডলারের মধ্যে ওঠানামা করছিল। সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ফলে তা উল্লেখযোগ্যভাবে বেড়ে এখন ৩৫ বিলিয়ন ডলারের ঘর ছুঁয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রিজার্ভের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের সামষ্টিক অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত। বাড়তি রিজার্ভ আমদানি ব্যয় নির্বিঘেœ মেটানো, বৈদেশিক ঋণ পরিশোধ এবং ডলারের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

বিশ্লেষকদের মতে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকলে রিজার্ভ আরও শক্তিশালী ভিত্তি পাবে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত