বৃষ্টির ভ্রুকুটির মধ্যেই নতুন আবহে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ

আপডেট : ০৪ মে ২০২৬, ০৬:১৩ এএম

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু হচ্ছে আজ। নানা নাটকীয়তা, বিসিবি সভাপতির পরিবর্তন এবং রাজনৈতিক ও সাংগঠনিক টানাপড়েন কাটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে ২০২৫-২৬ মৌসুমের এই আসর। আজ সকাল ৯টায় ভিন্ন ৬টি ভেন্যুতে একযোগে ১২টি দল নামছে শিরোপার লড়াইয়ে।

বসুন্ধরা ক্রিকেট মাঠে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও নবাগত ঢাকা লেপার্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উপস্থিত থাকবেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।

এবারের লিগ শুরুর প্রেক্ষাপট অন্য যেকোনো বারের চেয়ে ভিন্ন। নির্বাচনের অনিয়ম ও সরকারি প্রভাব বিস্তারের অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেওয়ার পর গঠিত হয়েছে অ্যাডহক কমিটি। মূলত আগের বোর্ডের অধীনে লিগ খেলতে অস্বীকৃতি জানানো ৯টি ক্লাবসহ ৪০টির বেশি ক্লাবের আপত্তির মুখেই এই পরিবর্তন আসে। নতুন কমিটির ওপর আস্থা রেখে ক্লাবগুলো মাঠে নামতে রাজি হওয়ায় দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটছে।

জুন-জুলাইয়ের ভরা বর্ষার আগেই এবার প্রকৃতিতে আগাম বৃষ্টির হানা। বৈশাখের শুরু থেকেই প্রতিদিনের ঝড়-বৃষ্টিকে গুরুত্ব দিয়ে লিগের কাঠামোতে আনা হয়েছে আমূল পরিবর্তন। আগে এক রাউন্ডের খেলা দুই দিনে হলেও এবার সময় বাঁচাতে একদিনেই এক রাউন্ডের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রতিটি ম্যাচের জন্য রাখা হয়েছে ‘রিজার্ভ ডে’। এবারের লিগে কোনো সুপার লিগ বা রেলিগেশন লিগ থাকছে না; ১১ রাউন্ডের সিঙ্গেল লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই চ্যাম্পিয়ন হবে এবং তলানির দুই দল নেমে যাবে প্রথম বিভাগে।

বিসিবির চুক্তিভুক্ত কোচদের ক্লাব ক্রিকেটে নিষেধাজ্ঞা থাকায় আবাহনীর ডাগআউটে হান্নান সরকারের বদলে দেখা যাবে সাবেক পেসার আনোয়ার হোসেন মুনিরকে। অধিনায়ক হিসেবে থাকছেন মোসাদ্দেক হোসেন সৈকত। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের হাল ধরেছেন অধিনায়ক তাওহীদ হৃদয় ও কোচ মিজানুর রহমান বাবুল। প্রাইম ব্যাংকের নেতৃত্বে আকবর আলী এবং অগ্রণী ব্যাংকের দায়িত্বে আছেন অভিজ্ঞ ইমরুল কায়েস।  বিসিবির অ্যাডহক কমিটি ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি মাঠে আইসিইউ অ্যাম্বুলেন্স নিশ্চিত করেছে। এছাড়া প্রতিটি ক্লাবকে ২৫ লাখ টাকা অনুদান এবং ক্রিকেটারদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহ করছে বোর্ড। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় জাতীয় দলের অনেক তারকাকে শুরুতে পাওয়া না গেলেও, তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণে প্রতিটি দলই শক্তিশালী স্কোয়াড গড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত