হকিতে স্পন্সরের জোয়ার

আপডেট : ০৪ মে ২০২৬, ০৬:১৩ এএম

আন্তর্জাতিক অঙ্গন থেকে একের পর এক সাফল্য কুড়িয়ে আনছে বাংলাদেশের হকি। ছেলেদের সঙ্গে মেয়েরাও প্রথমবার এশিয়ান গেমসে পা রেখেছে। তাদের এমন সাফল্যই টেনে আসছে পৃষ্ঠপোষকদের। এবার এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ ছেলে ও মেয়েদের টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য কোটি টাকার স্পন্সর পেল দেশের হকি। এই পৃষ্ঠপোষকতা নিয়ে এগিয়ে এসেছে ইপিলিয়ন গ্রুপ ও সেইলর। জানা গেছে, জাপানে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে মোট ব্যয়ের প্রায় ৪৫ শতাংশ এই পৃষ্ঠপোষকতা থেকে আসবে, বাকি অর্থ সংগ্রহ করবে ফেডারেশন।

রবিবার হকি ফেডারেশনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৬ মে দুই দলের জাপানের উদ্দেশ্যে রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ তরুণ খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইপিলিয়ন গ্রুপের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সাদেকুজ্জামান খান বলেন, ‘আমরা হকি ফেডারেশনকে এই টুর্নামেন্টের জন্য এক কোটি টাকার স্পন্সর করছি। ইপিলিয়ন গ্রুপ খেলাধুলার উন্নয়নে কাজ করে। ইতিপূর্বে আমরা ফুটবল, ক্রিকেট ও কাবাডিতে পৃষ্ঠপোষকতা করেছি। এবার হকিতে সম্পৃক্ত হয়েছি।’

অনেক পৃষ্ঠপোষক ফুটবল, ক্রিকেট কিংবা অন্য খেলায় জাতীয় দলে স্পন্সর করে। তৃণমূলে খেলোয়াড় তুলে আনার জন্য পৃষ্ঠপোষক সেই হিসেবে কম। ইপিলিয়ন গ্রুপ খেলার উন্নয়নে মূলত মনোযোগ। সাদেকুজ্জামান যোগ করেন, ‘আমরা আসলে চাই খেলোয়াড়দের ভিত তৈরি করতে। আজ যারা হকির অ-১৮ তারাই কয়েক দিন পর জাতীয় দলে খেলবে। আমরা হকির উন্নয়ন পার্টনার হিসেবে থাকতে চাই।’

বাংলাদেশ নারী হকিতে পৃষ্ঠপোষকতা করেছে ব্র্যাক ব্যাংক। তারাও হকির উন্নয়ন পার্টনার। তাই ইপিলিয়ন গ্রুপকে পুরুষ হকির সঙ্গী হওয়ার আহ্বান জানালেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান, ‘ব্র্যাক ব্যাংক নারী হকি নিয়ে কাজ করছে। ডুপ্লিকেশনের সুযোগ নেই, তাই আমরা অনুরোধ করব ইপিলিয়ন গ্রুপকে পুরুষ হকির উন্নয়নে সহযোগী হওয়ার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত