২৭ বছর আগে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে সোর্স জালাল আহমেদ শফি হত্যার ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদ- এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদ- দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোসাদ্দেক মিনহাজ এ মামলার রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা আসামিরা হলেন সাবেক হাবিলদার মো. বিল্লাল হোসেন, সাবেক কনস্টেবল মো. আবদুর রউফ ও ডিবির ক্যান্টিনের পরিচালক মো. আনোয়ার হোসেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এ মামলায় অভিযুক্ত পাঁচ আসামির মধ্যে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জিয়াউল হাসান মামলার বিচার চলাকালে মারা গেছেন। আর পুলিশ কনস্টেবল আব্দুল মালেকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
১৯৯৯ সালের ২৫ মার্চ মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ছাদের পানির ট্যাংক থেকে জালালের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি তখন দেশজুড়ে আলোচিত হয়। একই বছরের ৪ এপ্রিল নিহতের ছেলে আব্বাস উদ্দিন হত্যা মামলা দায়ের করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, নিহত জালাল ছিলেন মাইক্রোবাস চালক। প্রথমে নিজের মাইক্রোবাস চালাতেন। পরে নিজের মাইক্রোবাস বিক্রি করে ভাড়ায় চালাতেন। ডিবি পুলিশ কোনো গাড়ি রিকুইজিশন করলে সে গাড়ি চালানোর জন্য তাকে ডাকা হতো। সে কারণে ডিবি অফিসের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। আসামি জিয়াউল হাসান ও এসআই (উপপরিদর্শক) আরজু প্রায়ই তাকে ডেকে নিতেন।