দুঃসংবাদ দিলেন তৃণমূল সংসদ সদস্য দেব!

আপডেট : ০৪ মে ২০২৬, ১১:৫৭ এএম

আজ পশ্চিমবঙ্গসহ গোটা দেশের নজর লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে। বাংলার মসনদ কার দখলে যাবে, সেই উত্তর খুঁজতেই ব্যস্ত রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ। ঠিক এই টানটান উত্তেজনার আবহে সাতসকালে সমাজমাধ্যমে একটি দুঃসংবাদ দিলেন টলিউড সুপারস্টার তথা তৃণমূল সাংসদ দেব। নির্বাচনী লড়াইয়ের চূড়ান্ত ফলের দিন যেখানে জয়-পরাজয় নিয়ে চর্চা হওয়ার কথা, সেখানে দেবের এই পোস্ট ঘিরে তৈরি হয়েছে তীব্র জল্পনা।

ভোটের ডিউটি হোক বা রুপোলি পর্দা সবকিছু সামলে দেবের একটি নিজস্ব জগত আছে, যেখানে তার সবচেয়ে কাছের বন্ধু ছিল তার পোষ্যরা। আজ সোশ্যাল মিডিয়ায় দেব তার প্রিয় পোষ্যের মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, ‘আমার সঙ্গে সেরা জিনিস যেটা হয়েছিল, সেটা তুমি। লাকি, শান্তিতে ঘুমাও। আবার খুব তাড়াতাড়ি ফিরে এসো।’ দলের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে নিজের প্রিয় সঙ্গীকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত অভিনেতা। 

দীর্ঘ দেড় মাস ধরে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নির্বাচনী প্রচারের জন্য ছুটে বেরিয়েছেন দেব। কখনও উত্তরের পাহাড়, কখনও দক্ষিণের সমতল প্রবল গরমে কার্যত পশ্চিমবঙ্গ চষে ফেলেছেন তিনি। এই কঠোর পরিশ্রমের মাঝেই একসময় শারীরিক অসুস্থতাও দেখা দিয়েছিল তার। কিন্তু আজ যখন পরিশ্রমের ফল পাওয়ার দিন, তখনই ব্যক্তিগত জীবনে শোকের ছায়া নেমে এল তার। প্রিয় পোষ্যের বিদায়ে দেবের এই পোস্ট দেখে নেটিজেনরা তাকে সান্ত্বনা দিয়েছেন।

ভোটের প্রচার চলাকালীন দেবের জনপ্রিয়তা যে কোন তুঙ্গে ছিল, তার প্রমাণ মিলেছিল আলিপুরদুয়ারে। তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলালের সমর্থনে আয়োজিত রোড-শোতে জনজোয়ার নেমেছিল। দেবকে এক নজর দেখতে বাড়ির ছাদ থেকে গাছের ডাল জায়গা ছাড়েননি অনুরাগীরা। সেই সময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় প্রশাসনকে। শেষ পর্যন্ত প্রবল বিশৃঙ্খলা এড়াতে মাঝপথেই রোড-শো ছেড়ে ফিরতে হয়েছিল দেবকে।

ভোটের গণনার দিনে দেবের এই ‘দুঃসংবাদ’ সংবলিত পোস্ট দেখে অনেকেই প্রথমে রাজনৈতিক কোনো ইঙ্গিত খুঁজেছিলেন। কিন্তু বিষয়টি স্পষ্ট হতেই ভক্তরা সমবেদনা জানিয়েছেন অভিনেতাকে। একদিকে যেমন বাংলার ভাগ্য নির্ধারণের অপেক্ষা, অন্যদিকে দেবের ব্যক্তিগত এই শোক দুইয়ে মিলে আজকের দিনটি অভিনেতার কাছে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে রইল।

সূত্র: এবিপি আনন্দ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত